নিজস্ব প্রতিবেদক >>
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৪৫০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
গ্রেপ্তাররা হলেন, শুভাঢ্যা পশ্চিমপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. সুমন ওরফে গ্লাস সুমন (৩৩) এবং কেরানীগঞ্জ মডেল থানার গোলাম বাজার কদমতলী এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে নূর জাহান (২৪)।
র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা ইয়াবা, নগদ অর্থ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।