আরিফ সম্রাট, সিটি রিপোর্টার (ঢাকা)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তিকারী অনিক ও জোনায়েদসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাসের দাবিতে কেরানীগঞ্জে জাতীয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ ঈমান-আকিদা কমিটি।
শুক্রবার বাদ জুমা দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে বিআরটিএর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জৈনপুরের পীর সাহেব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। এতে কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম অংশ নেন।
সমাবেশে বক্তারা ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি বাস্তবায়ন না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দক্ষিণবঙ্গগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।