নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জ শহরে বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ধরনের হতাহতের ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ অ্যাভিনিউ এলাকায় অবস্থিত মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টি ও তীব্র বজ্রপাত চলাকালে হঠাৎ বাসার সামনে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, বাসভবনের দায়িত্বরত গেটম্যানও বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বজ্রপাত ও বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি গ্যাস ও বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।