আরিফ সম্রাট, নিজস্ব প্রতিবেদক >>
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। আর কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে কণ্ঠভোটে এসব কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম পর্যায়ক্রমে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন ও সেতু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, পরিবেশ, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও রয়েছে।
তবে গঠিত ১০টি স্থায়ী কমিটির কোনো একটির সভাপতির পদেও বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি। এ নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি ও সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে আরও ১০টি স্থায়ী কমিটির কার্যক্রম শুরু হলো।