নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত লিটন ওরফে মিঠুন (৩৮) গ্রেফতার হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত লিটন ওরফে মিঠুন সলঙ্গা থানার চর গোজা এলাকার আব্দুর রশিদের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, এলাকায় চুরি-ছিনতাই, বিশেষ করে গরু চুরি প্রতিরোধে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সলঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাঁশকল চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক একটি মিশুক থামানোর চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে লিটন ওরফে মিঠুনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, উদ্ধারকৃত মিশুকটি উল্লাপাড়া থানার ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রাম থেকে চুরি করা হয়েছিল। চুরি শেষে পালিয়ে যাওয়ার সময় বাঁশকল চেকপোস্টে সে আটক হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো, আসলাম আলী পিপিএম বলেন, এ ঘটনায় সলঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা ও জনগণের সহযোগিতা আরও জোরদার করা হবে।